বাংলাদেশের উপন্যাসে সাতচল্লিশের রাজনীতি
Synopsis
বাংলাদেশের ইতিহাসচর্চায় সাতচল্লিশের রাজনীতি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের উপন্যাসে সাতচল্লিশের রাজনীতি বইয়ে উপন্যাসের আধারে মূলত ইতিহাসের স্বতন্ত্র বয়ান অনুসন্ধান করা হয়েছে। সাতচল্লিশের রাজনীতিকে দেখার ক্ষেত্রে দীর্ঘদিন উপনিবেশ-পরবর্তী আধিপত্যবাদী দৃষ্টিকোণ কার্যকর ছিল। এর সঙ্গে যুক্ত হয়েছে জাতীয়তাবাদী বয়ান, যা অনেকখানি একমুখী। ফলে সাতচল্লিশের রাজনীতি কেবল ‘দেশভাগে’র রাজনীতি হিসেবে চিহ্নিত হয়েছে। কিন্তু বাংলাদেশ জনাঞ্চলে সাতচল্লিশের রাজনীতি বহুবিচিত্র মাত্রাকে ধারণ করে ক্রিয়াশীল ছিল এবং আছে। রাফাত আলম তাঁর এই বইয়ে সাতচল্লিশের বহুস্বরিক পাঠ নির্মাণ করেছেন; বড়ো ক্যানভাসে এই রাজনীতির কার্যকারণ বিশ্লেষণ করেছেন-যা বাংলাদেশের সাহিত্য ও ইতিহাসচর্চায় নতুন সংযোজন। উপন্যাসকে কেবল কাহিনিমূলক শিল্পরূপকল্প হিসেবে বিবেচনা না করে তিনি উপন্যাসের পাঠ ও ইতিহাসের পাঠকে সমীকৃত করেছেন। এটি নব্যইতিহাসবাদী পাঠপদ্ধতি। এই বইয়ে সাতচল্লিশের রাজনীতি পাঠের মধ্য দিয়ে পদ্ধতিগতভাবে নতুন ইতিহাসতত্ত্বের অভিমুখ নির্দেশ করা হয়েছে।