নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোটগল্প: সমাজ, রাজনীতি ও শিল্প
Synopsis
বাংলা ছোটগল্পের ধারায় নারায়ণ গঙ্গোপাধ্যায় শিল্পসফল ব্যক্তিত্ব। চল্লিশের দশকে আত্মপ্রকাশের পর থেকেই তাঁর ছোটগল্প হয়ে উঠেছে সমকালীন সমাজ-রাজনীতির বিশ্বস্ত ভাষ্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ-মন্বন্তর, সাম্প্রদায়িক দাঙ্গা, দেশভাগ, তেভাগা আন্দোলন, ভাষা-সংগ্রাম- বিধ্বস্ত বাংলার এসব বাস্তবতা তাঁর গল্পের অবয়বে হয়ে উঠেছে উদ্ভাসিত। মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত, নগরকেন্দ্রিক জীবন থেকে প্রান্তিক জনজীবন- সমাজের প্রতিটি স্তরের মানুষের বিচরণে তাঁর গল্প জীবন্ত। পুরুষতান্ত্রিক সমাজে নারীর অন্তর্বেদনা, শোষিতের আর্তনাদ এবং ক্ষেত্রবিশেষে মানবিক উত্তরণের আকাঙ্ক্ষা তাঁর ছোটগল্পকে দিয়েছে ভিন্নমাত্রিক ব্যঞ্জনা। বিষয়বৈচিত্র্যের পাশাপাশি ভাষিক প্রকরণেও নারায়ণ গঙ্গোপাধ্যায় বরাবরই পরীক্ষাপ্রবণ। কালচেতনার সঙ্গে নন্দনচেতনা, প্রতিরোধ কিংবা প্রতিবাদী কর্মোদ্যোগের সঙ্গে আশাবাদের এক বিস্ময়কর সম্মিলন ঘটেছে তাঁর ছোটগল্পে। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোটগল্পে বিধৃত সমাজচিত্র, রাজনৈতিক বাস্তবতা এবং শিল্পশৈলীর সামগ্রিক বিশ্লেষণে সমৃদ্ধ গ্রন্থটি সর্বশ্রেণির পাঠকমহলে সমাদৃত হবে- এ আমাদের দৃঢ় বিশ্বাস।